ঢাকার সাভার ও আশুলিয়ায় এক রাতেই তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার ভোর পর্যন্ত পৃথক তিনটি স্থানে এসব ঘটনা ঘটে। এতে তিনটি বাসই পুড়ে গেছে। এর মধ্যে একটি বাসের আগুন স্থানীয় বাসিন্দারা এবং অন্য দুটি বাসের আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনেন।
বাসগুলোতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নাশকতার উদ্দেশ্যে বাসগুলোতে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে আশুলিয়ার বলিভদ্র এলাকায় পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি পুড়ে যায়।
অন্যদিকে শনিবার ভোর সাড়ে চারটার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন লাগে। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসটি পুড়ে গেছে বলে জানিয়েছে জিরাবো ফায়ার সার্ভিস।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের সামনে ১০ থেকে ১১টি বাস দাঁড় করানো ছিল। এসব বাসে পোশাকশ্রমিকদের পরিবহন করা হয়। সেখানে দাঁড়িয়ে থাকা বাসগুলোর একটিতে আগুন লাগে।
তিনি বলেন, বাসটিতে কেউ আগুন ধরিয়ে দিয়েছেন, এমন কোনো তথ্য তাঁদের কাছে নেই। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা-ও জানা যায়নি।
তবে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, নাশকতার উদ্দেশ্যে বাসটিতে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
এদিকে সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার ভোর চারটার দিকে সাভারের ব্যাংকটাউন এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসটি পুড়ে যায়।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ব্যাংকটাউন এলাকার সামনে মহাসড়কে বাসটি দাঁড় করানো ছিল। ভোরের দিকে এতে আগুন লাগে। কেউ আগুন ধরিয়ে দিয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।









